ফের বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন, প্রায় ৩০০ কর্মী তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; চাচোল মহাকুমার হরিশ্চন্দ্রপুরের বিজেপিতে ফের বড়োসড়ো ভাঙ্গন। এবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার ব্লক সভাপতি, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি দলের এক পর্যবেক্ষক এবং গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য সহ প্রায় ৩০০ কর্মী। বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের ব্লক তৃণমূল কার্যালয়ে এই দলত্যাগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুরে কিছুদিন আগে ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূলে।
এবার হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির ২ সদস্য বাবুয়া হরিজন এবং লালু ওঁরাও যোগ দিলেন তৃণমূলে। তাদের সঙ্গে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার ব্লক সভাপতি অভিজিৎ কর্মকার, হরিশ্চন্দ্রপুর বিধানসভার পর্যবেক্ষক দীপক ঋষি সহ প্রায় ৩০০ জন কর্মী, সমর্থক। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান, তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ববৃন্দ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ২৬ আসন বিশিষ্ট হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বর্তমানে রয়েছে শাসক দলের দখলেই। তৃণমূলের আসন সংখ্যা ১৮, বিজেপির ৭, কংগ্রেসের ১ টি আসন রয়েছে। তবে বর্তমানে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো ৫। তৃণমূলের বেড়ে হলো ২০। এদিকে হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত কার্যত বিরোধীশূন্য করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা জম্মু রহমান।
এদিন তৃণমূলে যোগদানকারী বিজেপির যুব মোর্চার ব্লক সভাপতি অভিজিৎ কর্মকার বলেন, আমার সঙ্গে দুইজন পঞ্চায়েত সদস্য,বিধানসভার পর্যবেক্ষক সহ প্রায় ৩০০ জন তৃণমূলে যোগদান করেছেন।বিজেপিতে থাকা যাবে না। ওই দলে থেকে কাজ করা যাচ্ছিল না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছি।
তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন,"এবার হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিরোধী-শূন্য হবে। সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজকর্ম দেখে যোগদান করেছেন।হরিশ্চন্দ্রপুরে তৃণমূল ছাড়া আর কিছু থাকবে না।

Post a Comment